ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জুলাইযোদ্ধা তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ডিম নিক্ষেপ, হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
পরদিন শনিবার (২৩ মে) দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির একটি মামলা করেন।
ওই মামলায় রোববার সন্ধ্যায় এনসিপি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখান থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানিয়েছেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে তিনি জানিয়েছেন।












