ইসরায়েলি হামলায় তিনদিন পর ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নেভির কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (৩০ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, আঘাতের তীব্রতার কারণে আলিরেজা তাংসিরির মৃত্যু হয়েছে।
আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘তাংসিরি তার বাহিনী সংগঠিত করছিলেন এবং দ্বীপ ও উপক‚লের প্রতিরক্ষা ঢাল শক্তিশালী করছিলেন। আঘাতের তীব্রতার কারণে তার মৃত্যু হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে কমান্ডার তাংসিরির অনুপস্থিতি সত্ত্বেও আইআরজিসি নৌবাহিনী ‘মারাত্মক আঘাত হানছে এবং হরমুজ প্রণালির ওপর চ‚ড়ান্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে’। শত্রুকে সম্প‚র্ণরূপে ধ্বংস না করা পর্যন্ত বিশ্রাম না নেওয়ার অঙ্গীকার করেছে আইআরজিসি।
আইআরজিসির অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার তাংসিরি সম্প্রতি কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল তদারকির দায়িত্বে ছিলেন। সামজিক মাধ্যম এক্সে দেওয়া তার বিবৃতিতে বলা হয়েছিল, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সঙ্গে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই।’












