ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর কাজ শেষের পথে। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটির বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম।

পরিচালক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর প্রকাশিত মোশন পোস্টারে ‘সোলজার’-এর গল্পের আভাস পাওয়া যায়। সিনেমাটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এতে শাকিব খানকে দেখা যাবে ভিন্ন এক অ্যাকশনধর্মী চরিত্রে।

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকে। তাই সিনেমার শ্যুটিং করতে ব্যাংককে যাচ্ছেন শাকিব খান ও তার দুই নায়িকা তিশা ও ঐশীও।

সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী গল্প নিয়ে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হয় গত বছরের অক্টোবরে।

শুরুর দিকে ডিসেম্বরেই মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে ২০২৬ সালের মধ্যেই এটি দর্শকদের সামনে আনার পরিকল্পনা রয়েছে।

পরিচালক সাকিব ফাহাদ বলেন, সিনেমাটি যথাযথভাবে শেষ করাই এখন মূল লক্ষ্য। শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে মুক্তির সময় নির্ধারণ করা হবে।

ঈদ ছাড়া অন্য সময়ে বড় বাজেটের সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন, ভালো সিনেমা সারা বছরই মুক্তি পাওয়া উচিত, তাই ভিন্ন সময়ে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।