হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
গাড়িতে দলটির শীর্ষ কয়েকজন নেতা ছিলেন বলে জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।
এনসিপির গাড়িবহর পৌরসভা গেইট এলাকা অতিক্রমের সময় একদল লোক ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে কিছু সংখ্যক মানুষ গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুঁড়ে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বাধা দিলে দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়িবহর।
হামলার বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবেদ আলী বলেন, গোলাপগঞ্জে সমাবেশে শেষে এনসিপির নেতারা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। এ সময় পাশ থেকে কেউ ঢিল মেরছে। এতে সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। এতে কেউ আহত হয়েছে– এমন কোনো তথ্য নেই। তারা চলে গেছেন। এ ব্যাপারে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা— বিষয়টা এ রকম না।












