টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের গ্রামগুলো হচ্ছে-রাঙামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রকল্পটি গ্রহণ করেছে।

এই প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, শিক্ষাগুণগত মান বৃদ্ধি, উন্নত স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতসহ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ অর্থনীতি বিভাগ ও পরিকল্পনা বিভাগের যৌথ পরিচালনায় এই পাইলট প্রকল্পটি সফল হলে তা পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই যুগান্তকারী পদক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।