আজ ঐতিহাসিক ৭ মার্চ। এটি মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে, তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান), বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
সেদিন শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে উচ্চারণ করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে লাখ লাখ মানুষে পূর্ণ হয়ে গিয়েছিল বিশাল সেই ময়দান। মানুষের ভিড়ে সেদিন রেসকোর্স ময়দান রূপ নিয়েছিল এক অসাধারণ জনসমুদ্রে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ১৮ মিনিটের ভাষণে সাড়ে সাত কোটি মানুষের স্বপ্ন, বঞ্চনা এবং রাজনৈতিক-অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেন শেখ মুজিবুর রহমান।












