ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মুখ্য নেতা অভিজিৎ দীপককে দিল্লি পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। একই সময়ে দলের প্রতিনিধিরা ভারত সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে হলফনামা জমা দেন।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ককরোচ জনতা পার্টির মুখপাত্র ও সহ-প্রতিষ্ঠাতা সৌরভ দাস জানান, দলের মুখ্য নেতা অভিজিৎ দীপককে দিল্লি পুলিশ আটক করে নিয়ে গেছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে জল্পনার মধ্যেই এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ককরোচ জনতা পার্টি অভিযোগ করেছে, তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে পুলিশ তুলে নিয়ে গেছে। যদিও এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারীদের দাবি, তাদের নেতৃত্বকে দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে আন্দোলনের দুই নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে প্রায় ১০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে আন্দোলনের প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তারা একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। নাড্ডা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

সম্প্রতি ভারতের চিকিৎসাশাস্ত্রে ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। ককরোচ জনতা পার্টির দাবি, এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থান থেকে ২১ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে দলটি। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেন সোনাম ওয়াংচুক।