আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উচ্চপর্যায়ের ওই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক এবং অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোতে চলমান ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষই এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও উচ্চতর মর্যাদায় উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তুর্কি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন যে, বৈশ্বিক জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় সম্মেলন কপ-৩১ এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে এবং সম্মেলনে যোগ দিতেই মূলত দেশটির সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।












