কুষ্টিয়ার সদরে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ বলেন, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বটতৈল এলাকা থেকে শহরের দিকে আসছিল। অটোরিকশাটি একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসবহনকারী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ঘটনাস্থলে তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত দুইজন মারা যান বরেও জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।