কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া কারখানাটি থেকে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
এর আগে কারখানায় শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, গ্যাসলাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।












