আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার ভাষ্য, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবার কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে। তিনি বলেন, এবার কোরবানির জন্য প্রায় ১ কোটি পশু প্রস্তুত রয়েছে এবং সরকার কোনো পশু আমদানি করবে না।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য যত পশু প্রয়োজন, তার চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ সব ধরনের পশুর পর্যাপ্ত সরবরাহ আছে।
তিনি আরও বলেন, পাশের দেশ থেকে যাতে চোরাচালানের মাধ্যমে পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে।
কৃষি খাতের প্রসঙ্গ তুলে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব। কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব বলে সরকার বিশ্বাস করে। এ কারণে কৃষকদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি কৃষকদের জন্যই নেওয়া হয়েছে। কৃষির উন্নয়নে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মন্ত্রী আরও বলেন, কম খরচে গবাদিপশু পালন এবং উন্নত জাতের ঘাস উৎপাদনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব কার্যক্রম দেখতে তিনি বিএলআরআই পরিদর্শনে এসেছেন বলেও জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।











