দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২ মে) স্থানীয় সময় মধ্যরাতে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মধ্যরাতে বন্ধুর বাসা থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন হাসিবুর। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসিবুর রহমান ২০২৩ সালে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ায় আসেন। প্রথমে তিনি জেওনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোরিয়ান ভাষা কোর্সে ভর্তি হন। পরবর্তীতে সওইয়ং বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। তার এই অকাল মৃত্যুতে সহপাঠী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাসিবুরের শ্বশুরবাড়ির আত্মীয় ফারজাদ সোবহান নাফি জানান, হাসপাতালের বিল পরিশোধসহ অন্যান্য দাপ্তরিক কারণে মরদেহ বর্তমানে হিমাগারে রাখা হয়েছে। তার বন্ধু রিপন হোসাইন জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবারের পর মরদেহ দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে।
হাসিবুর রহমান গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন এবং তার স্ত্রীও বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। প্রিয়জনের এমন অকাল প্রয়াণে নিহতের পরিবার ও প্রবাসী কমিউনিটিতে শোকের মাতম চলছে।










