উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলতে বাহিনীটির বহরে শীঘ্রই হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষায় এ বাহিনীর কাজ প্রশংসনীয়।
তিনি বলেন, উপকূলীয় এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্ট গার্ডের সদস্যদের রেসকিউ অপারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় নিরাপত্তা স্থিতিশীলতার সঙ্গে বাজায় রাখে কোস্ট গার্ড।












