বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত যাচাই-বাছাই শেষে জমা পড়া ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে ৩২টি বৈধ ঘোষণা করেছে বিসিবি।
প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী দুই বিভাগে মোট চারজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হতে চলেছেন।
জেলা ও বিভাগীয় কোটা থেকে একক প্রার্থী হওয়ায় রাজশাহী বিভাগ থেকে মীর শাহরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমিন এবং সিলেট বিভাগ থেকে কাইয়ুম চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে আসছেন।
এছাড়া অন্যান্য প্রতিনিধি কোটায় একটি মাত্র পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ঢাকা বিভাগেও দুই পরিচালকের বিপরীতে দুটি বৈধ মনোনয়ন থাকায় সাইদ বিন জামান ও এস.এম আব্দুল্লাহ ফুয়াদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছেন।
তবে এই বিভাগ থেকে মনোনয়ন বাতিল হওয়া অপর এক প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে। আগামীকাল তাঁর আপিল আবেদন যদি বৈধতা পায়, তবেই কেবল ঢাকা বিভাগের পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।












