গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সোয়া তিনটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম ও লৌহজংয়ের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি (ইনচার্জ) মো. ইলিয়াস।
ফায়ার সার্ভিস জানায়, পদ্মা সেতু থেকে ৪ কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন বাজারের পাশে দুপুরে পদ্মায় একটি ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাওয়া নৌ পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।
এরপর গাজীপুরের আলোচিত ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার ভাই আব্দুল জব্বার ও কাপাশিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জুবায়ের রহমান উদ্ধার হওয়া মরদেহটি অভিযুক্ত ফোরকানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন।
মরদেহটি উদ্ধার শেষে গাজীপুরের পুলিশের হেফাজতে তুলে দেয় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস।
এসব তথ্য নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সরকারিভাবে চিঠি দিয়ে অভিযুক্ত ফোরটানের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করার জন্য নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে পদ্মা সেতুর উপর থেকে লাফ দিয়ে আলোচিত হত্যা মামলার আসামি ফোরকানের নিখোঁজ হওয়ার ঘটনাটি উল্লেখ করে দ্রুত ব্যবস্থার গ্রহণের নির্দেশনা এলে বিষয়টি আমলে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস।
অন্যদিকে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস জানান, শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানো হলে মামলার বাদী নিহতের পরিবারের সদস্য ও মামলার তদন্ত কর্মকর্তা সেটি ফোরকানের বলে ধারণা করেন।
নৌপুলিশের এই কর্মকর্তা আরও জানান, তবে পুরোপুরি পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট অথবা লাশ অর্ধগলিত থাকায় সেটি না করা গেলে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হবে।
এর আগে গত ৯ মে সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বহুতল বাড়ি থেকে ওই পাঁচ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন খানম (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) ও ছেলে রসুল মোল্লা (২৩)। এর মধ্যে শারমিন ফোরকান মোল্লার স্ত্রী। মীম, হাবিবা ও ফারিয়া তাদের সন্তান। রসুল মোল্লা নিহত শারমিনের ছোট ভাই।
এর আগে গত ১৪ মে পদ্মা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সেটি ফোরকানের বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। তবে পরে জানা যায়, মরদেহটি ফোরকানের নয়।












