শিরোপাধারী আর্জেন্টিনা সহজ জয় দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে। জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবলাররা।
ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূরে ফাউলের শিকার হওয়ার পর সরাসরি ফ্রি-কিক থেকে বল জালে পাঠান তিনি। শটটি খুব বেশি কোণায় না গেলেও জর্ডানের গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দেওয়ায় বল জালে জড়িয়ে যায়।
শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় দলটি। এক মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন লাউতারো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জর্ডান। ৫৫ মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান কমিয়ে আনে এশিয়ার প্রতিনিধিরা। গোলটি জর্ডানের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজেদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
জর্ডানের গোলের পর কিছুটা চাপে পড়তে শুরু করেছিল আর্জেন্টিনা। ঠিক তখনই স্কালোনির তুরুপের তাস হয়ে মাঠে নামেন মেসি। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সঙ্গে সঙ্গে ডালাস স্টেডিয়ামজুড়ে শুরু হয় সমর্থকদের উচ্ছ্বাস।
এরপর অপেক্ষা ছিল শুধু একটি মুহূর্তের। সেই মুহূর্তটি আসে ম্যাচের ৮০ মিনিটে। ডি-বক্সের প্রায় ২৫ গজ বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সবাই যখন মেসির পরিচিত বাঁকানো শটের অপেক্ষায়, তখন তিনি বেছে নেন ভিন্ন পথ। নিচু শটে জর্ডানের রক্ষণদেয়াল ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে। আবুলাইলা ভুল দিকে ঝাঁপ দেয়ায় বলের নাগালই পাননি।












