দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ঘানা। দক্ষিণ আমেরিকার দলটির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার এই দেশ। এর আগে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কেপ ভার্দেও।

শনিবার (৪ জুলাই) কানসাস সিটিতে শেষ ৩২–এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে করা জন আরিয়াসের একমাত্র গোলেই শেষ ১৬ নিশ্চিত করল লা কাফেতেরোসরা। ভ্যাঙ্কুভারে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর এই ম্যাচ।

শনিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় কলম্বিয়া। মাত্র ৭ম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন ফরোয়ার্ড জন করডোবা, তার বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেস। তবে সেই ধাক্কা সামলে ১৪তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। বদলি নামা সুয়ারেসের চমৎকার ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে ঘানার জালে বল জড়ান জন আরিয়াস।

প্রথমার্ধে কলম্বিয়ার দাপট ছিল। ঘানার গোলরক্ষক বেশ কয়েকটি দুর্দান্ত সেভ না করলে বিরতির আগেই ব্যবধান আরও বাড়তে পারত। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লুইস দিয়াসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর পরপরই তিনি আরেকটি সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত আরিয়াসের ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।