বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্যা (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যাপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ড এর ৪২নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় স্থানীয় ৩ জন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হয়।

পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হয়। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।’ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।