চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কার পর মাইক্রোবাস খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি থেকে কক্সবাজার অভিমুখী বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি।












