চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখিল এলাকার রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৮), তপন উরাংয়ের ছেলে তপু উরাং (১৯) ও যোগেশ উরাংয়ের ছেলে উত্তম উরাং (১৭)। নিহতরা পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে ধাবমান একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জমিতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে ফটিকছড়ি থেকে গুরতর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।