চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। ১২ জুলাই রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া) আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে।
সে অনুযায়ী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) ও ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।












