চলতি বছরে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত হওয়া লিখিত পরীক্ষা আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। পরীক্ষা চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত।
এ ছাড়া ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড প্রকাশিত রুটিনে ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষার সমাপ্তি হবে।
এদিকে ৯ আগস্ট থেকে ১৮ অগাস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ২৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।
চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়। গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে। আর স্থগিত হওয়ার পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।











