দেশের আরও চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জেলাগুলো হল রংপুর, রাজবাড়ী, পাবনা ও ঠাকুরগাঁও।

প্রজ্ঞাপনে বর্ণিত নতুন জেলা প্রশাসকরা হলেন, মিজ আফরোজা পারভীন (১৬৫৩৯), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী। মোহাম্মদ রফিকুল হক (১৬৫৫৩), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও। আমিনুল ইসলাম (১৬৬২৯), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পাবনা। মোহাম্মদ রুহুল আমিন (১৬৬১৭), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে জনপ্রশাসনে ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবেই জেলা প্রশাসন পর্যায়েও এই রদবদল চলছে। সচিবালয়ে আলোচনা রয়েছে, সামনে আরও কিছু জেলায় পরিবর্তন আসতে পারে।

এর আগে গত ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয় এবং ১৫ মার্চ সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়। পরে ২৯ মার্চ রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান—এই ১১ জেলার ডিসিকেও বদলি করা হয়।

উল্লেখ্য, প্রত্যাহার হওয়া কিছু ডিসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিয়োগ পেয়েছিলেন। ফলে নিয়োগের কয়েক মাসের মধ্যেই তাঁদের বদলি করা হয়েছে।