পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোকানে চুরির অভিযোগে জিহাদ (৫) ও শামিম (৭) নামে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার কলাগাছিয়া চরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শামিমের মাথার চুলও কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল দালালের মালিকানাধীন একটি দোকানের কর্মচারী আল আমিন চুরির অভিযোগে শিশু দুটিকে মারধর করেন এবং বনের একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। এ সময় ছোট ভাই জিহাদ কান্নাকাটি করলেও বড় ভাই শামিমের মাথার একাংশের চুল কেটে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন। শিশুদের মা লাইলি বেগমের দাবি, লাকড়ি কুড়াতে গিয়ে একটি দড়ি ধরায় তার সন্তানদের চোর সাজিয়ে এই অমানবিক নির্যাতন করা হয়েছে।

দোকান মালিক চুরির চেষ্টার দাবি করলেও পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। রাঙ্গাবালী থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াছ হোসেন মুন্সি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।