সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে একে একে বাবা ও মায়ের মৃত্যু হয়।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান,ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের ওপর বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তেই পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
এ সময় দোকানে থাকা ফরহাদ মিয়া প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে একে একে তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।












