বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ৩২ বছর পূর্ণ করলেন। তার জন্মদিন উদযাপন এবার সত্যিই অসাধারণ হয়েছে। ২৫ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে তিনি একটি সাত তলা বিশাল কেক কেটেছেন, যার দাম শোনা মাত্রই সবাই হতবাক!
ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, এই কেকটি আসল হীরা দিয়ে সাজানো। কেকের প্রায় সবটাই চকচকে হীরা দিয়ে খচিত। এর মূল্য ১৬ কোটি টাকা বলে জানা গেছে। এটিকে অনেকে বিশ্বের সবচেয়ে দামি জন্মদিনের কেক বলছেন।
একটি ভিডিওতে দেখা যায়, বর্ণিল ফুল, বেলুন ও বিলাসবহুল সাজসজ্জায় উর্বশী কেক কাটছেন। কেকটি তাকে উপহার দেওয়া হয়েছে। দাম জেনে উর্বশী নিজেও বিস্মিত হয়েছেন, আর ভক্তরা তো একেবারে অবাক! সামাজিক মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
এর আগেও উর্বশী জন্মদিনে বিলাসী আয়োজন করেছেন। ২০২৪ সালে কণ্ঠশিল্পী হানি সিং তাকে সোনার প্রলেপ দেওয়া কেক উপহার দিয়েছিলেন। চলতি বছর তার মায়ের জন্মদিনে দুবাইয়ের উচ্চতম হোটেলে সোনায় মোড়া তিন তলা কেক নিয়ে উদযাপন করেছেন।
এবারের হীরা-জড়ানো কেক দেখে ভক্তরা বলছেন, উর্বশীর জীবনযাপন সত্যিই রাজকীয়। কেক কে দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে এই আয়োজন সবাইকে চমকে দিয়েছে।












