ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম আজ রোববার সকাল ১১টায় শুরু হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করছেন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।
এর আগে গত ১২ মার্চ(বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে রবিবার পর্যন্ত মুলতবি হয়ে যায়। শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়- প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
এ অধিবেশনের প্রথম দিনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের শপথ গ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফল স্থগিত করা হয়েছে দুইটিতে।
২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস—এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। বাকি সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।












