মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস।
স্থানীয় সময় শনিবার (১৭ মে) বিকেল ৬টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তার চিকিৎসার খোঁজ নিতে গেলে জানা যায়, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে কিছু সময় চলাফেরাও করছেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। তাদের সঙ্গে কথাও বলছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম ও ফয়সালসহ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকবৃন্দ। এ সময় মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।












