জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যুদ্ধের কারণে এই সংকট হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিদ্যমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী স্পষ্ট জানান, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকার কোনোভাবেই দায়ী নয়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে সাময়িকভাবে এই ভোগান্তি তৈরি হয়েছিল। এরই মধ্যে টার্মিনালটির মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এলএনজিবাহী নতুন কার্গো জাহাজ ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ও সরবরাহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যা খুব দ্রুত পরিস্থিতি আরও উন্নত করবে।
নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠন করা হবে। রাজপথের সক্রিয় ও যোগ্য নেতৃত্বকে এসব কমিটির দায়িত্ব দেওয়া হবে এবং দল পুনর্গঠনের এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












