সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), নিয়ামতের স্ত্রী হজুফা (২৮) ও মেয়ে আয়েশা (৪) এবং সিএনজিচালক শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া। নিয়ামত বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার চালকসহ সাতজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।












