যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের (Palm Beach International Airport) নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে নতুন নাম কার্যকর হলেও যাত্রীদের পরিচিত বিমানবন্দর কোড ‘PBI’ আরও প্রায় এক মাস বহাল থাকবে।
চলতি বছরের মার্চে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে বিমানবন্দরটির নাম পরিবর্তনের আইনে স্বাক্ষর করেন। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ৯ জুলাই থেকে নতুন নাম কার্যকরের নির্দেশনা জারি করে।
তবে যাত্রীদের ব্যবহৃত তিন অক্ষরের IATA বিমানবন্দর কোড এখনই পরিবর্তন হচ্ছে না। বর্তমানে ব্যবহৃত ‘PBI’ কোড আগামী ১৮ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। এরপর এটি পরিবর্তিত হয়ে ‘DJT’ হবে।
এর ফলে প্রায় ৪০ দিনের জন্য একটি ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং বিমান পরিচালনাসংশ্লিষ্ট কার্যক্রমে FAA ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) ব্যবস্থায় ‘DJT’ কোড ব্যবহার করা হবে। অন্যদিকে যাত্রীরা টিকিট বুকিং, ফ্লাইট অনুসন্ধান ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত সেবায় আগের ‘PBI’ কোডই ব্যবহার করবেন।
এভিয়েশন গবেষণা প্রতিষ্ঠান Atmosphere Research Group-এর বিশ্লেষক হেনরি হার্টেভেল্ট বলেন, যাত্রীদের বিভ্রান্তি এড়াতে বিমান সংস্থাগুলো তাদের রিজার্ভেশন, যাত্রীসেবা ও ব্যাগেজ ব্যবস্থায় প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয় করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে কেউ যদি বিমান সংস্থার ওয়েবসাইটে ‘PBI’ কোড দিয়ে ফ্লাইট খোঁজেন, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নতুন নামের বিমানবন্দরের ফ্লাইটে নির্দেশিত হবে। এছাড়া কেবিন ক্রুদেরও শুরুতে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’-এর পরিবর্তে ‘ওয়েস্ট পাম বিচে স্বাগতম’ বলার সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোর IATA কোড পরিবর্তন অত্যন্ত বিরল। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত বিশেষ প্রয়োজন ছাড়া এসব কোড প্রায় কখনোই পরিবর্তন করা হয় না। তবে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইন্স, জেটব্লু ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সসহ প্রধান মার্কিন বিমান সংস্থাগুলোর আবেদনের পর IATA কোড পরিবর্তনের অনুমোদন দেয়।
IATA জানিয়েছে, সব বিমান সংস্থার রিজার্ভেশন ও পরিচালন ব্যবস্থা হালনাগাদ করার জন্য ১৮ আগস্ট থেকে নতুন ‘DJT’ কোড কার্যকর করা হবে। ততদিন পর্যন্ত যাত্রীদের ‘PBI’ কোড ব্যবহার চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, নাম পরিবর্তন নিয়ে যাত্রীদের ভিন্নমত থাকতে পারে, তবে এই পরিবর্তনের সময়েও যাত্রীদের সহযোগিতার জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞ। একই সঙ্গে সবার জন্য নিরাপদ ও ইতিবাচক ভ্রমণসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রতি বছর প্রায় ৮০ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। প্রেসিডেন্ট ট্রাম্পও ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে যাতায়াতের জন্য নিয়মিত এই বিমানবন্দর ব্যবহার করেন।
গত মে মাসে পাম বিচ কাউন্টি কমিশনাররা বিমানবন্দরের নামের সঙ্গে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ যুক্ত করার জন্য একটি লাইসেন্সিং চুক্তি অনুমোদন করেন। এর আগে ট্রাম্প অর্গানাইজেশন বিমানবন্দরের নামে ট্রাম্পের নাম ব্যবহারের জন্য ট্রেডমার্ক আবেদন করেছিল।
চুক্তি অনুযায়ী, বিমানবন্দরে ট্রাম্পের নাম ব্যবহার করে বিক্রি হওয়া কোনো পণ্য থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের রয়্যালটি, ফি বা আর্থিক সুবিধা পাবেন না। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রচারণামূলক কাজে তার নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২টি বিমানবন্দরের নাম দেশটির সাবেক বা বর্তমান প্রেসিডেন্টদের নামে রাখা হয়েছে।











