গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী এক থেকে দুই মাসের মধ্যে চীনা প্রতিনিধিদের ঠাকুরগাঁওয়ে পাঠানো হবে, যারা এই অঞ্চলের শিল্প-কলকারখানার উন্নয়ন ও উদ্যোগ নিয়ে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাজ করবে।’
শুক্রবার (১২ জুন) ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রীর উদ্যোগে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চীনের রাষ্ট্রদূত আমার ব্যক্তিগত বন্ধু এবং তাঁর সঙ্গে আমার সম্পর্ক বেশ নিবিড়। আমি ঠাকুরগাঁও এলাকার উন্নয়নের জন্য উনাকে এখানে আসার অনুরোধ জানালে তিনি সানন্দে রাজি হন। তিনি কথা দিয়েছেন, আগামী দুই-এক মাসের মধ্যে চীনা প্রতিনিধিদের এখানে পাঠাবেন, যারা এই অঞ্চলের শিল্প-কলকারখানার উন্নয়ন ও উদ্যোগ গ্রহণে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে।’
চীনের উন্নয়নের প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে, তা তাদের নিজেদের চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি করে কাজ করে উন্নত হয়েছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের উন্নয়নে কাজ করতে চান এরজন্য তিনি শিশুদের আরও বেশি শিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্কুলের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদল আসবে।’
অনুষ্ঠান শেষে অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।












