দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রনেই চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন তিনি। তবে ভারতীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তার এই সফরকে রহস্যজনক হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক গোয়েন্দা কর্মকর্তারা। ঢাকার অনরোধ উপেক্ষা করে দিল্লিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে ভাচ্যুয়ালি বক্তব্য দিতে দেয়া হয়েছে। হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। যা বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থা র’এর কর্মকর্তাদের বিরুদ্ধে সীমান্তে বাংলাদেশীদের হত্যা, পিলখানায় বিডিআর হত্যাকান্ড ও শাপলা চত্বরে গণহত্যায় নেপথ্যে জড়িত থাকার অভিযোগ দীর্ঘ দিনের। একই সাথে গুম ও আয়নাঘরের সাথে জড়িত বাংলাদেশের পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তাদের মদদ দেয়ার অভিযোগ রয়েছে র’এর কর্মকর্তাদের বিরুদ্ধে।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।












