ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সড়কমন্ত্রী জানান, ২০০টি বৈদ্যুতিক বাসের মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, দ্রুততম সময়ে এই সেবা নিশ্চিত করতে সাধারণ দরপত্রের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে বাসগুলো সংগ্রহ করা হবে। কেনা বাসগুলোর মধ্যে ১০০টি বিশেষ সুবিধাসম্পন্ন বাস শুধুই নারী যাত্রীদের নিরাপদে যাতায়াতের জন্য নির্ধারিত রুটে পরিচালিত হবে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারীদের কর্মসংস্থান ও রাষ্ট্রীয় অংশগ্রহণ বাড়াতে বাস স্টপ থেকে শুরু করে যাতায়াতের পুরো প্রক্রিয়ায় হয়রানিমুক্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিআরটিসির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, বিআরটিসি বর্তমানে লোকসান কাটিয়ে সুসংহত অবস্থায় রয়েছে। বর্তমানে নারীদের জন্য তেজগাঁও থেকে ১৩টি রুটে ১৪টি নতুন ও স্পেশাল বাস চালু করা হলেও এই উদ্যোগ যেন কিছুদিন পর বন্ধ না হয়ে যায়, সে ব্যাপারে বিআরটিসিকে সার্বিক সতর্ক থাকার কঠোর নির্দেশ দেন তিনি।