যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টা ৫০ মিনিটে এমিরাটসের ইকে ০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
দুবাই হয়ে শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মরদেহটি।
বিদায়ের আগে স্থানীয় একটি মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)। সেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান।
এর আগে, গত সোমবার (৪ মে) ফ্লোরিডায় নিহত আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও ঢাকায় পৌঁছায়।
এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হবে। তাদের স্মরণে অনুষ্ঠানস্থলে দুটি চেয়ার খালি রাখা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত করা হয় বৃষ্টির মরদেহ।












