ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশের পর এমন তথ্য জানা গেছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই তাকে বিজয়ী বলা হচ্ছে।

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডা. খালিদুজ্জামানের চেয়ে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।

বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, সদরের এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন।