ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে জয়লাভ করেছেন। ১৩৮ কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে ববি হাজ্জাজ ৯০৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১–দল সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬৮৮৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩৭১২। ভোটের আগে এক জরিপেও ববি হাজ্জাজ ও মামুনুল হকের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল।
বেসরকারি সংস্থা সোচ্চার প্রকাশিত জরিপে এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গিয়েছিল মাত্র তিন শতাংশ। যেখানে এগিয়ে ছিলেন ববি হাজ্জাজ। তার পক্ষে ভোট দিতে চেয়েছিলেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। মামুনুল হক পেয়েছিলেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।
ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।












