ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

নরেন্দ্র মোদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।