সচিবালয়ে নিজের কর্মদিবসের শুরুতেই তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালের এই মানবিক উদ্যোগের মধ্য দিয়ে সমাজের অবহেলিত ও অদম্য ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্তকরণ এবং আত্মনির্ভরশীল করার সুনির্দিষ্ট বার্তার প্রতিফলন ঘটল।

নিয়োগ পাওয়া তিনজন হলেন—দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করা সিরাজগঞ্জের নীলা খাতুন ও গাইবান্ধার আয়শা আক্তার, এবং দৃষ্টিপ্রতিবন্ধী নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি এ নিয়োগপত্র পেয়ে আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁরা।

প্রতিবন্ধকতা জয় করা নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাত না থাকায় আয়শা মুখ দিয়ে তাঁর নিয়োগপত্রটি গ্রহণ করেন। অন্যদিকে মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগপত্র হস্তান্তরকালে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনার পরপরই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই দৃষ্টান্তমূলক উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান।