আরও একটি নকআউট ম্যাচ, আরও একবার কষ্টার্জিত জয় আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলের পাশাপাশি লাউতারো মার্টিনেজের গোলে দশ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ১২০ মিনিটের লড়াই শেষে সুইসদের ৩-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের দুটি গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে জুড বেলিংহামের ইংল্যান্ড।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১১ মিনিটে গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিওনেল মেসির কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি। ওই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে মরিয়া আক্রমণ চালায় সুইজারল্যান্ড। ফলস্বরূপ, ৬৭ মিনিটে দান এনদোয়ের কোণাকুনি শটে সমতায় ফেরে সুইসরা।
তবে এর ৫ মিনিট পরই (৭২ মিনিটে) ফাউলের অভিনয় করায় দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ডের রক্ষণভাগ ও গোলকিপার গ্রেগর কোবেল।
অবশেষে ১১২ মিনিটে ডেডলক ভাঙেন হুলিয়ান আলভারেজ। বদলি খেলোয়াড় লোপেসের পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে এক অবিশ্বাস্য বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। এরপর অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে আলমাদার শট সুইস কিপার কোবেল আটকে দিলেও ফিরতি বলে ফাঁকা পোস্টে গোল করে আর্জেন্টিনার ৩-১ গোলের জয় সুনিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ।












