দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এবারের দফায় প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে ৫ টাকা। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন দাঁড়িয়েছে ২০৪ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করে সরকার। পাম তেল ছিল আগের দরেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হলে খোলা সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে।
তবে গত ১২ এপ্রিল বাজারে ভোজ্যতেলের ‘পর্যাপ্ত’ সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের ‘অহেতুক’ আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন বাণিজ্যমন্ত্রী। সে সময় দাম না বাড়ানোর ইঙ্গিত দিলেও পরে সরকার সে সিদ্ধান্ত থেকে পিছু হটে।
এর আগে গত বছরের ১৪ অক্টোবর প্রতি লিটারে ছয় টাকা এবং খোলা তেল আট টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১৩ টাকা বাড়নোর ঘোষণা দেয় ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনটি।
ওই সময়ের দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৯৫ টাকায়, যা এর আগে ছিল ১৮৯ টাকা। আর খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৭৬ টাকায়, যার আগের দাম ১৬৯ টাকা।
তখন সয়াবিন তেলের ৫ লিটারের বোতলে দর ২৫ টাকা বেড়ে হয় ৯৪৫ টাকা। অপরদিকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম হয় ১৬৩ টাকা।












