দেশের বিভিন্ন জায়গায় মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ–নদীর পানি বেড়ে ইতিমধ্যে দুই জেলায় বন্যা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও তিন জেলা বন্যার কবলে পড়তে পারে।
বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে নদ–নদীর পানি আরও বেড়ে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রেরর তথ্যমতে, দেশের চার নদীর (ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা) পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী তিনদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চলমান এই বৃষ্টি বিভিন্ন এলাকায় থেমে থেমে হতে পারে। আগামী চার মে পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।












