দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৫ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিলো; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিলো, আর কমানো হয়েছিলো ২৯ বার।
স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।












