নব-নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। সচিবালয় ও সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয় সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা করা হয়। পরে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন।
প্রায় ৩৫ বছর পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়।












