পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি জেটিতে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, দুই শতাধিক মানুষ নৌকায় করে পাইপলাইনের অবৈধ সংযোগস্থল থেকে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে অনেকে অচেতন হয়ে পড়েন এবং কয়েকজন নদীতে পড়ে যান।
নিহতদের মধ্যে ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। আরও ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ এখনও মৃতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেনি। ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।
নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ তেল উত্তোলন ও পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটে আসছে। এসব ঘটনায় প্রায়ই অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসে প্রাণহানি ঘটে।











