পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জনের সলিলসমাধি ঘটেছে, যাদের বড় একটি অংশই শিশু। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্তত ১৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই শিশু। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এখন পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন।
রুফাই আরও বলেন, ‘এলাকাটিতে পৌঁছানো কঠিন এবং নিরাপত্তা সংস্থা ও জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলের দিকে যাচ্ছে।’
এদিকে একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানায়, মৃতদের অধিকাংশই শিশু। তারা খামারের মালিক ও শ্রমিকদের সঙ্গে ভ্রমণ করছিল, যারা ধান কাটার কাজে যাচ্ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি কমিউনিটি মসজিদের সামনে দাফনের জন্য রাখা ৫০টি মৃতদেহ দেখেছেন, যার মধ্যে অনেকগুলো মাদুর ও কাপড়ে মোড়ানো ছিল।
নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা)-র মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেছেন, ‘গোরাউ একটি অত্যন্ত দুর্গম স্থান। দলটি সেই দুর্গম এলাকায় চলে গেছে।’











