যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ভূমিতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এয়ার কানাডা এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সিআরজে-৯০০ বিমানটি মন্ট্রিয়ল থেকে ৭২ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য নিয়ে উদয়ন করেছিল।
নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে একটি বিমানে জরুরি সাহায্যের ডাক পেয়ে সেখানে যাচ্ছিল দমকল বাহিনীর ট্রাকটি, তবে তার আগেই ধাক্কা মারে বিমানটি। দমকলের ট্রাকটিকে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল’। এছাড়া এ বিষয়ে তারা আরও বিস্তারিত কিছু জানায়নি।
অন্যদিকে ঘটনাটির কয়েক মিনিট আগে LiveATC.net থেকে সম্প্রচারিত বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিওতে জানানো হয়, একটি পোড়া গন্ধ পাওয়ার কারণে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানেই যাচ্ছিল দমকলের গাড়িটি।
সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ আরও জানিয়েছে, দমকলের ট্রাকটিতে পুলিশ কর্মকর্তারাও ছিলেন। এরমধ্যে একজন সার্জেন্ট ও একজন কর্মকর্তার হাত-পা ভেঙে গেছে। তবে তারা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ঘটনাটি তদন্তের জন্য তারা কারিগরি বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে।












