যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) ভোরে ব্রাউনসভিল এলাকায় ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা’ নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রেস্তোরাঁটির মালিক রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় এনবিসি নিউইয়র্ককে জানান, নিহত ও আহত দুজনই ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন।

নিহত যুবকের নাম মো. ইউসুফ রাজু (৪৪) এবং গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাসেল (৩৯)।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, মধ্যরাতের পর গুলির খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লেগেছিল। দ্রুত দুজনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মাথায় গুলিবিদ্ধ ৪৪ বছর বয়সি রাজুকে মৃত ঘোষণা করেন।

হামলাকারী রেস্তোরাঁর ভেতরের গ্রাহক ছিলেন নাকি বাইরে থেকে এসে গুলি চালিয়ে পালিয়ে গেছেন, সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। হত্যাকাণ্ডের মূল কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘাতককে চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে।