আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু মাঠের লড়াই গড়ানোর ঠিক ২৪ ঘণ্টা আগে সেলেসাও শিবিরে বড় ধরনের এক ধাক্কা লেগেছে। প্রথম ম্যাচ তো বটেই, বিশ্বকাপের শুরুর দিকে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
ফরাসি জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ফুটমেরকাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নেইমার এখনও দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। তার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াটি আগের চেয়ে আরও বেশি জটিল হয়ে পড়েছে।
গত ১৭ মে সান্তোসের হয়ে ঘরোয়া লিগের ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সে সময় ব্রাজিলের মেডিকেল টিম তিন সপ্তাহের বিশ্রামের কথা জানালেও নির্ধারিত সময় পার হওয়ার পরও পূর্ণ ফিটনেস ফিরে পাননি তিনি। বর্তমানে নিউ জার্সিতে দলের ক্যাম্প চললেও নেইমারকে মূল দলের সঙ্গে দেখা যাচ্ছে না; বরং একাকী জিম ও সাইক্লিং করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
ফুটমেরকাতোর দাবি অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন কিছু জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা এখন নেই বললেই চলে। অনেক জল্পনা-কল্পনার পর আনচেলত্তি যখন নেইমারকে দলে ভিড়িয়েছিলেন, তখন খোদ নেইমারও একে তাঁর শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করে ভক্তদের আবেগী বার্তা দিয়েছিলেন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই তাঁর এই ছিটকে যাওয়া দলের ছক ও কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য কিছুটা আশার কথা শুনিয়েছে দলের মেডিকেল টিমের একটি সূত্র। প্রথম ম্যাচে খেলতে না পারলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ কিংবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারকে মাঠে পাওয়ার আশা করছে সেলেসাওরা। এখন দেখার বিষয়, ‘মিস্টার ম্যাজিশিয়ান’ ঠিক কত দ্রুত সুস্থ হয়ে নিজের শেষ রাঙাতে সবুজ গালিচায় ফিরতে পারেন।












