ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী সাক্ষাৎকারে পশ্চিমা ওই সামরিক জোটকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রতিরক্ষা চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন পুনর্বিবেচনায় রয়েছে।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর যে দাবি ট্রাম্প করেছিলেন, তা মিত্র দেশগুলো প্রত্যাখ্যান করার পর ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র।

সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে তিনি পুনরায় ভাববেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‌‌ওহ হ্যাঁ, আমি বলব এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনোই ন্যাটোর মাধ্যমে প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম তারা একটি কাগুজে বাঘ, আর পুতিনও তা জানেন।

এদিকে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মিত্র দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি লেখেন, ‘তোমাদের নিজেদের দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না।’

শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদেরও কটাক্ষ করেন ট্রাম্প। এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতো দেশগুলো হরমুজ প্রণালীর আশপাশে জেট ফুয়েল পাচ্ছে না—এমন পরিস্থিতিতে তাদের আরও সাহসী হয়ে উঠতে হবে এবং ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বেইরুত-এ ভারী বোমাবর্ষণ চলছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা সরাসরি সম্প্রচার করা হবে।